অনলাইন ডেস্ক :
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৯৯৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ৫৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এই হিসাব গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে দুজন করে মারা গেছেন। এ ছাড়া খুলনা ও সিলেটে একজন করে মারা গেছেন।
এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২৮০ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৩৮৬ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৬০৮ জনের।
এ ছাড়া এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ৩৬ হাজার ৩৯১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ২৭ হাজার ৩১৪ জন।


