নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি কলমদার আলিম মাদ্রাসার সুপার আব্দুর রহিম ও সদ্য নিয়োগপ্রাপ্ত ল্যাব সহকারী তাঁর ছেলে জাহিদ হাসানের বিরুদ্ধে মাদ্রাসায় নিয়মিত উপস্থিত না হয়েও বেতন উত্তোলন, সুপারের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, গত ১৬ এপ্রিল নিয়োগ-বাণিজ্যকে কেন্দ্র করে মাদ্রাসায় হট্টগোলের ঘটনা ঘটে। এরপর থেকে সুপার আব্দুর রহিম ও তাঁর ছেলে জাহিদ হাসান প্রায় পাঁচ মাস ধরে মাদ্রাসায় উপস্থিত হচ্ছেন না। তবে তাঁরা নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করছেন বলে অভিযোগ স্থানীয়দের।
এদিকে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে স্থানীয় লোকজন এসব অভিযোগ নিয়ে মাদ্রাসায় যান। পরে ভারপ্রাপ্ত সুপার নাসির উদ্দীন উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিলে স্থানীয়রা ফিরে যান।
ভারপ্রাপ্ত সুপার নাসির উদ্দীন বলেন, ‘আমরা জনসাধারণের সঙ্গে আছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে রবিবারের মধ্যে একটি সিদ্ধান্ত নেওয়া হবে। সিদ্ধান্ত না হলে রবিবার থেকে ক্লাস বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে মাদ্রাসার সুপার আব্দুর রহিমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


