আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ দলের সভাপতি শেখ হাসিনা বিচার চলাকালে দেশে আসেননি। এখন দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাকে আসতে হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শনিবার (২৮ নভেম্বর) সকালে কুড়িগ্রাম জেলার সদর উপজেলার নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোঃ আসাদুল হাবিব দুলু বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী ও মাফিয়া দল। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে তারা প্রমাণ করেছে, তারা নিজেদের সংশোধন করবে না।
আন্তর্জাতিক নদীর পানি বণ্টন প্রসঙ্গে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করে বাংলাদেশকে মরুকরণের দিকে ঠেলে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, তিস্তা প্রকল্পের সমীক্ষার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং তা পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খুব শিগগির তিস্তা পাড়ের মানুষ এ বিষয়ে সুখবর পাবেন।
পরে দূর্ঘোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোঃ আসাদুল হাবিব দুলু নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ডঃ মোঃ আতিকুর রহমান মোজাহিদ, সাবেক রাষ্ট্রদূত ও কুড়িগ্রাম জেলা পরিষদের সাবেক প্রশাসক মেজর জেনারেল (অব.) আমসাআ আমিন, কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রাম পুলিশ সুপার খন্দকার মোঃ ফজলে রাব্বি, কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক মোঃ সোহেল হোসাইন কায়কোবাদ, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক মোঃ হাসিবুর রহমান হাসিব এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ আজিজুর রহমান দুলু উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী এবং স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।


