নিজস্ব প্রতিবেদক :
মাদক, ছিনতাই ও অনৈতিক কার্যকলাপ বিরোধী কমিটি এবং গোমস্তাপুর উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) রহনপুর স্টেশন ২নং প্ল্যাটফর্মের সামনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
রহনপুর কে.ডি.সি. পাড়ার মাদক, ছিনতাই ও অনৈতিক কার্যকলাপ বন্ধ, অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং কে.ডি.সি. পাড়া উচ্ছেদের দাবিতে আয়োজিত এই সমাবেশে উপস্থিত থেকে সাধারণ মানুষের সাথে একাত্মতা প্রকাশ করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. মোহাম্মদ মিজানুর রহমান।
এসময় সমাবেশে উপস্থিত জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মাননীয় সংসদ সদস্য বলেন, যুবসমাজকে ধ্বংসকারী মাদক কারবারি, ছিনতাইকারী ও অনৈতিক কার্যকলাপে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। গোমস্তাপুর উপজেলাসহ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে প্রশাসন ও জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান।
তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতিটি যৌক্তিক দাবির প্রতি পূর্ণ সমর্থন জানান এবং এসব অপতৎপরতা বন্ধে দ্রুততম সময়ে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।


