অনলাইন ডেস্ক :
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর পরীক্ষায় গড় পাসের হার ৬৪ দশমিক ৭৫ শতাংশ। চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৫০৩ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জন করেছেন ১৬ জন।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের কনফারেন্স কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
এর আগে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ এইচএসসি পরীক্ষা-২০২৬-এর ফলের গেজেট উপাচার্যের কাছে হস্তান্তর করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর এইচএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৪৬ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। তাঁদের মধ্যে প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেন ৩৮ হাজার ১৭৯ জন। আর চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৬ হাজার ২২২ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে পাস করেছেন ১০ হাজার ৫০৩ জন।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৫ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ৪ হাজার ৭৮৭ জন।
গ্রেডভিত্তিক ফলাফলে এ প্লাস (A+) পেয়েছেন ১৬ জন, এ (A) পেয়েছেন ১ হাজার ৫০৮ জন, এ মাইনাস (A-) পেয়েছেন ৩ হাজার ৩০২ জন, বি (B) পেয়েছেন ৩ হাজার ৫২৪ জন, সি (C) পেয়েছেন ২ হাজার ১০৭ জন এবং ডি (D) গ্রেড পেয়েছেন ৪৬ জন।
ফল প্রকাশ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, বাউবির লক্ষ্য কেবল পাসের হার বাড়ানো নয়, বরং শিক্ষার গুণগত মান নিশ্চিত করা। এ লক্ষ্যে সুষ্ঠু, স্বচ্ছ, নির্ভুল ও নকলমুক্ত পরীক্ষা আয়োজনের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে।
মাত্র ৪১ কর্মদিবসে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ সম্ভব হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান উপাচার্য। একই সঙ্গে স্থগিত ফলসংক্রান্ত সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। পরীক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত শিক্ষক, পরীক্ষক ও কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান।
যেভাবে জানা যাবে বাউবির এইচএসসি পরীক্ষার ফল
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার চূড়ান্ত ফল বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট result.bou.ac.bd-এ পাওয়া যাবে। এ ছাড়া মুঠোফোনে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।
গ্রামীণফোন (জিপি) গ্রাহকদের জন্য: মেসেজ অপশনে গিয়ে PB BOU Student ID লিখে ১৬৫৫৪ নম্বরে পাঠাতে হবে।


