ইমন সরকার, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ফুটবল বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে ক্রীড়াপ্রেমীদের জন্য ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য, ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক এবং মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাতেম খান। বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সাধারণ মানুষের জন্য আরও আনন্দময় ও উপভোগ্য করে তুলতে তিনি ভালুকা পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে ২৬টি প্রজেক্টর বিতরণ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে তরুণ-যুবকসহ সব বয়সী মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। অনেকেই বড় পর্দায় খেলা উপভোগ করার সুযোগ থেকে বঞ্চিত হন। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে পৌর এলাকার বিভিন্ন ক্লাব, সামাজিক সংগঠন ও ক্রীড়াপ্রেমী যুবকদের মাঝে এসব প্রজেক্টর বিতরণ করা হয়, যাতে সবাই একত্রে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে পারেন।
এ সময় আলহাজ্ব হাতেম খান বলেন, “ফুটবল শুধু একটি খেলা নয়, এটি মানুষে মানুষে সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দের বন্ধন তৈরি করে। বিশ্বকাপকে ঘিরে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে এবং খেলাধুলার প্রতি তাদের আগ্রহ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমি চাই পৌরসভার প্রতিটি ওয়ার্ডের মানুষ একসঙ্গে বসে উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করুক।”
তিনি আরও বলেন, “যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। ক্রীড়াবান্ধব সমাজ গঠনে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
প্রজেক্টর পেয়ে বিভিন্ন ওয়ার্ডের ক্রীড়া সংগঠক, ক্লাব প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, বিশ্বকাপের মতো আন্তর্জাতিক আসর বড় পর্দায় একসঙ্গে উপভোগ করার সুযোগ এলাকার মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করবে।
স্থানীয়দের মতে, ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এমন জনমুখী উদ্যোগ কেবল খেলাধুলার প্রতি আগ্রহই বাড়াবে না, বরং তরুণদের সুস্থ বিনোদনের মাধ্যমে ইতিবাচক সামাজিক পরিবেশ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফলে বিশ্বকাপের উন্মাদনা এবার ভালুকা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়বে নতুন মাত্রায়।


