মোঃ মাহাবুল ইসলাম মুন্না গোদাগাড়ী রাজশাহী :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৫ নম্বর গোগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দীর্ঘ পাঁচ বছরের আইনি লড়াই শেষে অবশেষে শপথ গ্রহণ করেছেন গোদাগাড়ী উপজেলা কৃষকদলের আহবায়ক মো. হযরত আলী।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. কাজী শহিদুল ইসলাম তাঁকে শপথবাক্য পাঠ করান।
জানা যায়, ২০২১ সালের ১১ নভেম্বর গোগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে নৌকা প্রতীকে মো. মজিবুর রহমান এবং আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. হযরত আলী। নির্বাচনে মজিবুর রহমানকে ৮৭ ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করে ২০২১ সালের ৭ ডিসেম্বর গেজেট প্রকাশ করা হয়।
তবে নির্বাচনের ফলাফল নিয়ে আপত্তি জানিয়ে কারচুপির অভিযোগে আইনি লড়াই শুরু করেন হযরত আলী। তাঁর অভিযোগ ছিল, ইউনিয়নের ফরাদপুর সবুজ সংঘ ও পাবলিক লাইব্রেরি কেন্দ্রে ভোটের ফলাফল পরিবর্তন করা হয়েছিল। এ ঘটনায় প্রথমে উচ্চ আদালতে রিট এবং পরবর্তী সময়ে রাজশাহী নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন তিনি।
দীর্ঘ শুনানি, সাক্ষ্যপ্রমাণ ও আইনি প্রক্রিয়া শেষে গত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রাজশাহীর সদর সিনিয়র জজ আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনাল পূর্বের ফলাফল ও গেজেট বাতিল করে হযরত আলীকে ৫ নম্বর গোগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন। আদালত এ-সংক্রান্ত আদেশ নির্বাচন কমিশনে পাঠানোর নির্দেশ দেন।
মামলার নথি ও প্রকাশিত সংবাদ অনুযায়ী, ১০টি কেন্দ্রে মোট ভোটের হিসাবে হযরত আলী ৯ হাজার ৮০১ ভোট এবং মজিবুর রহমান ৯ হাজার ২৮৭ ভোট পেয়েছিলেন বলে জানা যায়।
অবশেষে দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষা ও আইনি লড়াইয়ের পর আজ শপথ গ্রহণ করলেন হযরত আলী। তাঁর শপথ গ্রহণের মধ্য দিয়ে গোগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের আনুষ্ঠানিক পথ সুগম হলো।
দীর্ঘ আইনি জটিলতা পেরিয়ে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা ও স্থানীয় সমস্যার সমাধানে তিনি কী ধরনের উদ্যোগ নেন, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন ইউনিয়নবাসী।


