স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান :
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) দায়িত্বপূর্ণ শিবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক ০৩টি অভিযান চালিয়ে ফেন্সিডিলের বিকল্প ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতীয় (Fairdyl এবং Eskuf) সিরাপ জব্দ করেছে।
বিজিবি’র গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৬ জুলাই) দিবাগত রাত হতে সোমবার (২৭ জুলাই) মধ্যরাত পর্যন্ত অভিযান পরিচালিত হয়।
৫৯ বিজিবি’র বিলভাতিয়া এবং সোনামসজিদ বিওপি শিবগঞ্জ উপজেলার নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় যথাক্রমে ০১টি ও ০২টি অভিযানে এ সকল মাদকদ্রব্য জব্দ করে। তবে অভিযানগুলো পরিচালনার সময় চোরাকারবারী বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
বিজিবি’র পক্ষ হতে জব্দকৃত নেশাজাতীয় সিরাপগুলোর ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণের কাজ চলমান।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন,বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


