নিজস্ব প্রতিবেদক :
সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। জেলার ২৫টি কেন্দ্রে এবার মোট ১৭ হাজার ৭৯১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ১৪টি কেন্দ্রে এসএসসি সাধারণ শাখায় পরীক্ষার্থী রয়েছে ১২ হাজার ৯৫৩ জন। দাখিল পরীক্ষায় ৬টি কেন্দ্রে অংশ নিচ্ছে ৩ হাজার ৪২২ জন এবং ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল মিলিয়ে ৫টি কেন্দ্রে পরীক্ষার্থী রয়েছে ১ হাজার ৪১৬ জন।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে পরিদর্শকদের পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিয়মিত পরিদর্শন করছেন। কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এবারের পরীক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহারে বাড়ানো হয়েছে নজরদারি। জেলার সবকটি কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে পরীক্ষার কার্যক্রম মনিটরিং করা হচ্ছে, যা পরীক্ষার স্বচ্ছতা ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পরীক্ষা দিতে আসা কয়েক জন শিক্ষার্থী বলেন, পরীক্ষার পরিবেশ অনেক ভালো। কোনো ধরনের চাপ বা বিশৃঙ্খলা নেই, আমরা স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারছি।
অভিভাবক আবদুল মান্নান জানান, নতুন সরকারের প্রথম এসএসসি পরীক্ষা হওয়ায় প্রশাসনের তৎপরতা বেশি দেখা যাচ্ছে। সিসি ক্যামেরা থাকায় আমরা নিশ্চিন্ত পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত হচ্ছে।
আরেক অভিভাবক হানিফ মেহমুদ বলেন, আগের তুলনায় এবার পরীক্ষার পরিবেশ অনেক বেশি নিয়ন্ত্রিত ও স্বচ্ছ মনে হচ্ছে। এতে আমাদের সন্তানেরা নিরাপদ ও নির্ভয়ে পরীক্ষা দিতে পারছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা চলাকালীন যেকোনো ধরনের অনিয়ম কঠোরভাবে দমন করা হবে এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ সতর্কতা অব্যাহত থাকবে।


