নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী নামোজগন্নাথপুর গ্রামের সাহেবের ঘাটে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী । এ সময় বন্যার্তদের মাঝে চাল, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, এরই মধ্যে শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৪৪ মেট্রিক টন চাল ও ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আরও ত্রাণসামগ্রী ও অর্থ বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।
বন্যার্তদের জন্য উপজেলা পর্যায়ে ইতোমধ্যে ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে চালের পাশাপাশি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন বিতরণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত সব পরিবারের মাঝে পর্যায়ক্রমে ত্রাণ পৌঁছে দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম।


