স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশী যাত্রীকে দেশে ফিরিয়ে এনেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ান (৫৩ বিজিবি)।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ৫ টার সময় বাখেরআলী এলাকায় আলীমনগর ঘাট হতে ১২ জন যাত্রীসহ ০১টি ইঞ্জিনচালিত নৌকা জহুরপুরটেক গ্রামের উদ্দেশ্যে যাত্রাকালে পথিমধ্যে পদ্মা নদীতে ডুবে যায়। এসময় নৌকায় থাকা মোঃ ওয়াসিম (২৩) সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অপর ১১ জন যাত্রী পানিতে পড়ে নিখোঁজ হন বলে জানা যায়।
এরপর ৭১ ব্যাটালিয়ন বিএসএফ এর খান্দুয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার বাখেরআলি বিওপি ও ফরিদপুর বিওপি কমান্ডারদের’কে আনুমানিক ৫:৫০ ঘটিকায় ফোনে জানায় যে, বাংলাদেশী নৌকা ডুবির ঘটনায় ১০ জন বাংলাদেশী যাত্রীকে (পুরুষ-০৪ জন, মহিলা-০৩ জন ও শিশু-০৩ জন) বিএসএফ সদস্যরা জীবিত অবস্থায় উদ্ধার করেছে।
পরবর্তীতে, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) উদ্ধারকৃত যাত্রীদের দ্রুততম সময়ে পরিবারের কাছে দেশে ফেরত আনার লক্ষ্যে রাত ৯টা ৫৫ মিনিটের সময় কোম্পানী কমান্ডার পর্যায়ে ফরিদপুর বিওপি কমান্ডার ও খান্দুয়া বিএসএফ ক্যাম্প কমান্ডার এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত আনে। এরপর স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে নিকট আত্নীয় মোঃ ইসমাইল হোসেন এর নিকট সকলকে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধারকৃত ব্যক্তিরা হলেন,মোঃ রাসেল (২৬),মোঃ ইব্রাহিম (৫০),সওদাগর (৪০),মোঃ ইব্রাহিম (৬০),সখিনা (৪৫),নিলুফা (৩৫),তানিয়া (২২) এবং তার ২০দিন বয়সী শিশু সন্তান,সানাউল্লাহ (৯),আল আমিন (৯)। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জহুরপুর বকরীপাড়া এলাকায়।
এছাড়া, একই গ্রামের বাসিন্দা মোঃ মোস্তফা (৬০) নামে ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা যায়।


