মোঃ মাহাবুল ইসলাম মুন্না গোদাগাড়ী রাজশাহী :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি এলাকায় ওয়াসার পাইপলাইন স্থাপনের কাজ বাস্তবায়নে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন। সরকারি জায়গা ও সড়কের পাশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ঘরবাড়ি, দোকানপাট ও বিভিন্ন স্থাপনা সরিয়ে নিতে শনিবার সকাল থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
গোদাগাড়ী উপজেলা প্রশাসন ও গোদাগাড়ী থানার সমন্বয়ে পরিচালিত অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের সময় সড়কের পাশের টিনশেড দোকান, অস্থায়ী ঘর এবং বিভিন্ন অবৈধ দখল উচ্ছেদ করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজশাহী শহরে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে গোদাগাড়ী থেকে রাজশাহী পর্যন্ত ওয়াসার পাইপলাইন স্থাপনের কাজ চলমান রয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে সরকারি জায়গা দখলমুক্ত রাখা জরুরি হওয়ায় অবৈধ স্থাপনা অপসারণ করা হচ্ছে।
প্রশাসনের কর্মকর্তারা জানান, জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা এবং উন্নয়ন কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকার পাশে গড়ে ওঠা অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।
এদিকে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় অনেকেই প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ দখলের কারণে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। তবে ক্ষতিগ্রস্ত কিছু ব্যবসায়ী বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য আরও সময় দেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযান চলাকালে প্রশাসনের পক্ষ থেকে সকলকে সরকারি জায়গা দখল না করার আহ্বান জানানো হয়। একইসঙ্গে সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে নতুন করে কেউ সরকারি জায়গা দখল করলে তার বিরুদ্ধেও তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


