স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান :
চাঁপাইনবাবগঞ্জ থেকে কুমিল্লাগামী একটি কুরিয়ার পার্সেলে আমের ক্যারেটের ভেতরে লুকিয়ে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
এ ঘটনায় ফেন্সিডিলের বিকল্প ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ উদ্ধার এবং এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টা থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে শাপলা সিনেমা হলের সামনে চাঁপাইনবাবগঞ্জ কানসাট সড়কের পূর্ব পাশে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এ অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গ্রেফতার ব্যক্তি হলেন,মোঃ আসমাউল হক জুয়েল (২০)। তিনি শিবগঞ্জ উপজেলার হাউসনগর গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে।
ডিএনসি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে কুমিল্লাগামী একটি কুরিয়ার পার্সেল তল্লাশি করে আমের ক্যারেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ফেন্সিডিলের বিকল্প ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আসমাউল হককে গ্রেফতার করা হয় এবং উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন,সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।


