শামীম রেজা, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিনমাথা তেলের পাম্প মোড় এলাকায় সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা ট্রাফিক পুলিশ। আজ শুক্রবার সকাল ১০:৩০ ঘটিকা থেকে দুপুর ১২:৩০ ঘটিকা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই যৌথ চেকপোস্ট ও অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট মেহেদী হাসান এবং গাইবান্ধা জেলা পুলিশের ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীর আলম।
সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করা এবং লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতেই এই অভিযান চালানো হয়। বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন এবং গাড়ির বৈধ কাগজপত্র যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
অভিযান চলাকালীন আইন অমান্য করায় মোট ১১টি যানবাহনের বিরুদ্ধে প্রসিকিউশন (মামলা) প্রদান করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
লাইসেন্সবিহীন গাড়ি: ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর দায়ে ০৫টি মোটরসাইকেল/যানবাহনকে মামলা দেওয়া হয়। লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ০২টি গাড়ি এবং ০১টি মাঝারি কাভার্ড ভ্যানকে জরিমানা করা হয়।
হেলমেট ছাড়া বা মোটরসাইকেলে তিনজন আরোহী বহনের জন্য ০১টি মোটরসাইকেল এবং সিট বেল্ট ব্যবহার না করায় ০১টি প্রাইভেট কারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অতিরিক্ত এবং ঝুঁকিপূর্ণভাবে মালামাল পরিবহনের দায়ে ০১টি মাঝারি ট্রাককে আইনের আওতায় আনা হয়।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সড়কে শৃঙ্খলা না ফেরা পর্যন্ত এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে লাইসেন্স ও ফিটনেসবিহীন যানবাহনের কারণে সড়কে দুর্ঘটনা বাড়ছে, যা প্রতিরোধে কোনো ছাড় দেওয়া হবে না।
দুই ঘণ্টার এই ঝটিকা অভিযানে সাধারণ পথচারীদের মধ্যে স্বস্তি দেখা গেলেও আইন অমান্যকারী চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জনস্বার্থে এই কার্যক্রম নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


