অনলাইন ডেস্ক :
নির্বাচন কমিশন (ইসি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) নির্বাচনি ভাষণ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছে।
ইসি জানিয়েছে, বিটিভিতে প্রচারণার সুযোগ চাওয়া সকল রাজনৈতিক দলের আবেদনের ক্রমানুযায়ী বক্তব্য প্রদানের সুযোগ দিতে হবে। তবে এ পর্যন্ত বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের আবেদন পাওয়া যায়নি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিটিভির মহাপরিচালককে এ সংক্রান্ত চিঠি দেন। চিঠিতে উল্লেখ করা হয়, ‘সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনি পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ টেলিভিশনে প্রচারণার ক্ষেত্রে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নির্বাচনি পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে। তাই নির্বাচন কমিশন দলীয় প্রধানের নির্বাচনি প্রচারের জন্য স্লট বরাদ্দের নির্দেশ প্রদান করেছেন।’
চিঠিতে আরও বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬-এর উপবিধি (গ) অনুসরণ করতে হবে। বিটিভি লিখিত আবেদন প্রাপ্তির সময়ের ক্রম অনুযায়ী স্লট নির্ধারণ করবে এবং প্রতিটি রাজনৈতিক দলের প্রধানের জন্য স্লট বরাদ্দ ও তার মেয়াদ ঠিক করবে। প্রচারণার রেকর্ডিংয়ের তারিখ ও সময় সংশ্লিষ্ট দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্ধারণ করা হবে।
ইসি জানিয়েছে, যে সকল রাজনৈতিক দল বিটিভিতে প্রচারণার সুযোগ চাইবে, তাদেরকে আবেদনের ক্রমানুসারে বক্তব্য প্রদানের সুযোগ দিতে হবে। যেহেতু এ পর্যন্ত বিএনপি ছাড়া অন্য কোনো দলের আবেদন আসেনি, তাই বিএনপি প্রধানকে ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে বক্তব্য দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের পূর্ব পর্যন্ত প্রার্থীরা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন।


