নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যালয় পরিচ্ছন্ন রাখা ও শিক্ষার্থীদের মাঝে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে ‘ক্লিন স্কুল, আমার স্কুল, আমার সৌন্দর্য’ স্লোগানে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার ৯৮ নম্বর ছত্রাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশ নিয়ে স্লোগানটি তুলে ধরেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিদ্যালয় সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং শিক্ষার্থীদের সুস্থ পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয় প্রাঙ্গণে বেশি করে গাছ লাগাতে হবে। ‘ক্লিন স্কুল, আমার স্কুল, আমার সৌন্দর্য’ এ স্লোগানকে সামনে রেখে শিবগঞ্জ উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিশুরা নিয়মিত আসা-যাওয়া করে। বিদ্যালয় ও এর আশপাশের পরিবেশ অপরিষ্কার থাকলে মশাবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে ডেঙ্গু ও এডিস মশার বিস্তার রোধে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শিবগঞ্জ উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালু থাকবে। প্রতি রবিবার বিদ্যালয়গুলোতে ‘ক্লিন স্কুল’ কর্মসূচির আওতায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।
এ সময় ৯৮ নম্বর ছত্রাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. মেরিনা খাতুন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।


