স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে মোঃ টমাস উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত ও আহত ব্যক্তিরা সবাই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌকা মাঠসংলগ্ন মশিউর রহমানের একটি ঘাসের জমিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত টমাস উদ্দিন শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর লম্বা টোলা গ্রামের মোর্তজার ছেলে।
স্থানীয় ও প্রাথমিক সূত্রে জানা যায়,মনাকষা ইউনিয়নের চৌকা মাঠে মশিউর রহমান নামে এক ব্যক্তির ঘাসের জমিতে কয়েকজন ব্যক্তি ককটেল তৈরি করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই টমাস উদ্দিনের মৃত্যু হয়। বিস্ফোরণে আরও তিনজন আহত হন। বিস্ফোরণে আহত অন্যরা তাঁকে ঘটনাস্থলে ফেলে রেখে আত্মগোপনে চলে যান। তবে তাঁদের কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান,নিহত টমাস উদ্দিন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের অনুসারী হিসেবেও পরিচিত তিনি।
স্থানীয় সূত্রের দাবি, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ককটেলগুলো তৈরি করা হচ্ছিল।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। পরে পুলিশ, এসআরবি ও বিজিবি সদস্যদের ঘটনাস্থলে অবস্থান নিতে দেখা যায়। তবে এ দাবির বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান,বুধবার বেলা আড়াইটার দিকে চৌকা এলাকায় একটি খেতের পাশে কলাগাছের নিচে নিরিবিলি স্থানে কয়েকজন ককটেল তৈরি করছিলেন। এ সময় বিস্ফোরণ ঘটলে টমাস উদ্দিন নিহত হন এবং তিনজন আহত হন। পরে আহত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কীভাবে বিস্ফোরণ ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। পরে সাংবাদিকদের তিনি বলেন, ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ এবং ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। নিহত ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী বলে তাঁরা জানতে পেরেছেন। তবে তাঁর সাংগঠনিক পরিচয় বিস্তারিত তদন্তের বিষয়।
পুলিশ সুপার আরও বলেন, ওই ব্যক্তির সঙ্গে আরও তিনজন থাকতে পারেন। তাঁরা যে বিস্ফোরক তৈরি করছিলেন, তা ভালো কোনো উদ্দেশ্যে নয় বলে পুলিশের ধারণা। এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।


