স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান
আগামী বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
রোববার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বড় ইন্দারা মোড়স্থ জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা ও গণসংযোগের অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর আবু জার গিফারী।
তিনি বলেন,আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে জামায়াতে ইসলামী ‘জুলাই সনদ’ বাস্তবায়ন, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গঠন এবং বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিতের মাধ্যমে একটি বৈষম্যমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে অংশ নিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ৫ ফেব্রুয়ারি নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এক জনসভার আয়োজন করা হয়েছে।
এই জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে দলটি আশাবাদী। জনসভাটি শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে জামায়াতের পক্ষ থেকে সিভিল প্রশাসন,পুলিশ,সেনাবাহিনী,র্যাব,গোয়েন্দা বিভাগ ও গণমাধ্যম কর্মীসহ সর্বস্তরের জনসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে, চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীগণ ছাড়াও জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।


