মাহাবুল ইসলাম মুন্না গোদাগাড়ী (রাজশাহী):
রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ৫৩০ গ্রাম হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব-৫। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা রাতের অন্ধকারে পালিয়ে যায়।
র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সদর কোম্পানির একটি অভিযানিক দল গোদাগাড়ী থানাধীন আচুয়া তালতলা গ্রামের আচুয়া তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমগাছের নিচে অভিযান পরিচালনা করে।
র্যাবের দাবি, অভিযানের সময় কয়েকজন মাদক ব্যবসায়ী সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করা হেরোইন বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়।
পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে সিঁড়ির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি স্বচ্ছ পলিথিনে রাখা বাদামি রঙের হেরোইন উদ্ধার করা হয়। পাঁচটি প্যাকেটে সর্বমোট ৫৩০ গ্রাম হেরোইন ছিল।
র্যাব-৫ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে মাদক, অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
উদ্ধার করা হেরোইন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহীর গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


