মোঃ মাহাবুল ইসলাম মুন্না, (গোদাগাড়ী) রাজশাহী :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা এলাকায় বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়।
র্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-৫ এর একটি আভিযানিক দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি প্লাস্টিকের ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
পরে ব্যাগটি তল্লাশি করে উদ্ধার করা হয় ১২ কেজি ৫৮০ গ্রাম বিস্ফোরক সদৃশ গান পাউডার এবং ২ কেজি ১৪০ গ্রাম ভাঙা কাঁচের গুঁড়া।
র্যাব জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—উদ্ধারকৃত এসব উপকরণ ককটেল তৈরির মাধ্যমে বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে কোনো অশুভ চক্র মজুদ করেছিল। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুগ প্রক্রিয়ায় আলামতগুলো জব্দ করা হয়।
জব্দকৃত বিস্ফোরক সামগ্রী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে গোদাগাড়ী মডেল থানা-এ হস্তান্তর করা হয়েছে।


