মো: মাহাবুল ইসলাম মুন্না, (গোদাগাড়ী) রাজশাহী :
রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে একটি প্রাইভেটকার থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গাড়িতে থাকা দুইজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার রাজাবাড়িহাট এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার বটতলী চারমাথা এলাকার দুলাল শেখ (৩৬) ও সানজিদা আক্তার শিমু (১৮)।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের কানসাট সীমান্ত এলাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশে আগ্নেয়াস্ত্রের একটি চালান বহন করা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তথ্য পাওয়ার পর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা রাজাবাড়িহাট এলাকায় অবস্থান নিয়ে সন্দেহভাজন প্রাইভেটকারটিকে থামান।
পরে গাড়িটির ব্যাকডালা তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালাম।
প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসএম মাকসুদুর রহমান জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, তা জানতে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরও জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্তের স্বার্থে অস্ত্র পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলার কার্যক্রম শেষে আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


