নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় থেকে সারবোঝাই একটি ট্রাক জব্দ করা হয়। এ সময় ট্রাকচালক আব্দুল মান্নানকে আটক করা হয়েছে।
আটক আব্দুল মান্নান যশোরের অভয়নগর উপজেলার মশিউরনগর এলাকার আব্দুর রহিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যশোরের নওয়াপাড়া থেকে ট্রাকভর্তি ইউরিয়া সার চাঁপাইনবাবগঞ্জের গোলাপেরহাট এলাকার বিসিআইসি সার ডিলার হুমায়ুন কবিরের গুদামে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সারবোঝাই ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডিলার হুমায়ুন কবিরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সার কালোবাজারিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সার জব্দের পর থেকে তাঁর ও ছেলে বাবুর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এ ছাড়া তাঁদের দোকানও বন্ধ রয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কালোবাজারে বিক্রির উদ্দেশ্যেই এসব সার যশোর থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা হয়েছিল। অভিযান চালিয়ে সার জব্দ করা হলেও ঘটনাস্থলে সংশ্লিষ্ট ডিলারকে পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ বলেন, অবৈধভাবে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


