অনলাইন ডেস্ক :
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জারিকৃত নির্দেশিকা (সংযুক্তি-বি) অনুযায়ী ২০২৬–২৭ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬–২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন গত ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হয়, যা ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হওয়ার কথা ছিল।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার পাঁচটি ইউনিটের অধীন আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইউনিটগুলো হলো: কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট; বিজ্ঞান ইউনিট; ব্যবসায় শিক্ষা ইউনিট; চারুকলা ইউনিট এবং আইবিএ (ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট) ইউনিট।
এবারের ভর্তি পরীক্ষায় আইবিএ ইউনিট ছাড়া বাকি চারটি ইউনিটে আবেদন ফি ১৫০ টাকা করে বাড়ানো হয়েছিল। সে অনুযায়ী বিজ্ঞান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের আবেদন ফি ১ হাজার ৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা এবং চারুকলা ইউনিটের আবেদন ফি ১ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়। তবে আইবিএ ইউনিটের ফি আগের মতোই ১ হাজার ৫০০ টাকা রাখা হয়েছিল। চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী) অথবা অনলাইনে ডেবিট-ক্রেডিট কার্ড ও মোবাইল ফিন্যান্সিয়াল সেবার মাধ্যমে এই ফি জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছিল।
এদিকে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে আবেদনের ন্যূনতম যোগ্যতা অপরিবর্তিত রেখে বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের বেশ কয়েকটি বিভাগে ভর্তির শর্ত শিথিল করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আওতায় কিছু বিভাগে ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নম্বর এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় কয়েকটি বিষয়ে প্রাপ্ত ন্যূনতম গ্রেড কমানো হয়। গত ৯ নভেম্বর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।


