শামীম রেজা, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা জেলা অটোবাইক ও মিশুক চালক কল্যাণ সংস্থা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক কার্যক্রম জোরদার, সংগঠনের উন্নয়ন ও অটোচালকদের বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় গাইবান্ধা শহরের এনএইচ মডার্ন স্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা জেলা অটোবাইক ও মিশুক চালক কল্যাণ সংস্থার সভাপতি আমজাদ হোসেনের উপস্থিতিতে সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক চান ভান্ডারী, সাংগঠনিক সম্পাদক মোকসেদ আলী, কোষাধ্যক্ষ আব্দুর রহমান ও সড়ক সম্পাদক আনারুল ইসলাম।
এ সময় বোয়ালী রোড কমিটির সভাপতি সুজামিয়া, সাধারণ সম্পাদক নুরা মিয়াসহ জেলার বিভিন্ন রোড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অটোচালকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং অটোচালকদের বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, সংগঠনের বাইরে থাকা অটোচালকদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের সংগঠনের আওতায় ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি কোনো চালক সমস্যায় পড়লে তাঁর পাশে দাঁড়াতে হবে এবং তাঁদের ন্যায্য স্বার্থ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় সংগঠনের উন্নয়ন, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং চালকদের কল্যাণে কার্যকর ভূমিকা পালনের বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। এ সময় কমিটির সদস্যরা সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত সিদ্ধান্তের ওপর গুরুত্বারোপ করেন।


