স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান :
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), রাজশাহী সেক্টরের সার্বিক নির্দেশনায়, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর উদ্যোগে বুধবার (৩০ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারে ০১ মাসব্যাপী ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সীমান্তবর্তী এলাকার ২৫ জন যুবক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছে।
প্রশিক্ষণার্থীদের বহুতল ভবন ও বাসাবাড়িতে নিরাপদ বিদ্যুৎ সংযোগ, বৈদ্যুতিক ত্রুটি নিরসন এবং নিরাপত্তার সাথে ইলেকট্রনিক সরঞ্জাম স্থাপনের (সেটিং) ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে।
প্রশিক্ষণ শুরুর প্রাক্কালে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, সীমান্ত এলাকার যুব সমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চোরাচালানসহ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
তিনি জানান, বিজিবি ভবিষ্যতেও মানবকল্যাণ ও সীমান্ত এলাকার সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে।
বিজিবি’র প্রত্যাশা, এ প্রশিক্ষণ কর্মসূচি সীমান্তবর্তী এলাকার যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, জীবনমান উন্নয়ন এবং চোরাচালান প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে। এই প্রশিক্ষণ আলালপুর দারুস সুন্নাত দাখিল মাদ্রসা, ভোলাহাটে অনুষ্ঠিত হচ্ছে এবং প্রশিক্ষক সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে ইলেকট্রিক্যাল বিভাগের ০২ জন দক্ষ এবং অভিজ্ঞ প্রশিক্ষক মন্ডলী নিয়মিত ক্লাশ পরিচালনা করবেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ,প্রশিক্ষকবৃন্দ, বিজিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।


