চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ‘গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর।
কর্মশালায় গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ, সংবাদ পরিবেশনে পেশাগত দায়িত্বশীলতা, তথ্যের সত্যতা যাচাই এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের করণীয় ও কর্তব্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদার এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।


