স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান :
সীমান্তবর্তী এলাকার শিক্ষিত বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর উদ্যোগে ৬ সপ্তাহ ব্যাপী ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।
রবিবার (০৬ সেপ্টেম্বর) সকাল ০৯:৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়ন পরিষদ হল রুমে প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন,চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি। উক্ত প্রশিক্ষণে চরবাগডাংগা ইউনিয়নের বিভিন্ন গ্রামের মোট ৩৫ জন যুবককে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন,সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তবর্তী এলাকার জনসাধারণের আর্থ-সামাজিক ও জীবনমানের উন্নয়নে বিভিন্ন জনকল্যাণ মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ৫৩ বিজিবি তার দায়িত্বপূর্ণ এলাকায় প্রশিক্ষণ কর্মসূচির বাস্তবায়নের মাধ্যমে সীমান্ত এলাকার বেকার যুবসমাজ প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ পাবে। ফলে তারা আত্মকর্মসংস্থানের পাশাপাশি স্বাবলম্বী হতে সক্ষম হবে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড হতে দূরে থেকে একটি সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তুলতে পারবে। ভবিষ্যতেও সীমান্তবর্তী এলাকার জনসাধারণের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কার্যক্রমে ৫৩ বিজিবি’র এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ, চরবাগডাংগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং চরবাগডাংগা বিওপি কমান্ডার ও সকল স্তরের বিজিবি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


