সিরাজুল ইসলাম রনি, রাজশাহী :
মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নগরীর বিভিন্ন এলাকায় সিআরটি, গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের সমন্বয়ে মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানের অংশ হিসেবে নগরীর গুরুত্বপূর্ণ এলাকা, মাদকপ্রবণ স্থান ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। মাদক ব্যবসা, মাদক সরবরাহ ও সংশ্লিষ্ট অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত মাঠপর্যায়ে কাজ করছেন আরএমপির সদস্যরা।
আরএমপি সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।
আরএমপি জানিয়েছে, মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ রাজশাহী মহানগর গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতাও কামনা করেছে মহানগর পুলিশ।


