অনলাইন ডেস্ক :
সংসদ সদস্য হিসেবে ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের জয়ী প্রার্থীরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর দ্বিতীয় ধাপে শপথ গ্রহণ করেন তারা।
শপথের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। শপথ পড়িয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
যদিও এর আগে সকালে শপথ না নেয়ার কথা বলেছিলেন জামায়াতের একজন শীর্ষ নেতা। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও বিএনপি এখনই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়ায় এই প্রতিক্রিয়া জানান জামায়াতের ওই নেতা।
কক্সবাজার–১ আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে এ বিষয়ে পদক্ষেপ নেয়া যাবে।’
এর আগে, শপথ গ্রহণ করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিন ধাপে অনুষ্ঠিত হবে শপথগ্রহণ।


