রোকসানা আক্তার পিংকি (রাঙ্গামাটি):-
পার্বত্য চট্টগ্রাম নারী হেডম্যান কার্বারী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা পরিষদের এনেক্স ভবনে সম্মেলন কক্ষে নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্কের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
এসময় অনুষ্ঠানে সিএইচটি নারী হেডম্যান কার্ডধারী নেটওয়ার্ক এর সভাপতি জয়া ত্রিপুরা সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী, চাকমা সার্কেল, উপদেষ্টা রাণী য়েন য়েন, পার, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া, জেলা হেডম্যান এসোসিয়েশনের সহ-সভাপতি থোয়াই অং মারমা, এএলআরডি এর উপ নির্বাহী পরিচালক রওশন জাহান মনি, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক সহ-সভাপতি এডভোকেট ভবতোষ দেওয়ান, সিএইচটি নারী হেডম্যান কার্ডধারী নেটওয়ার্ক সাধারণ সম্পাদক শান্তনা খীসা।পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য এডভোকেট চঞ্চু চাকমা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে নারী কার্বারী নিয়োগ নিঃসন্দেহে একটি ঐতিহাসিক উদ্যোগ। সকল নারী কার্বারীদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অত্যাবশ্যকতা রয়েছে। এই নিয়োগকৃত নারী কার্বারীরা যাতে সমাজ উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করতে পারে, সে পরিবেশ গড়ে তোলাতে হবে।
আয়োজিত সম্মেলনে পার্বত্য চট্টগ্রামে নিয়োগ প্রাপ্ত নারী কার্বারীদের ভাতা অবিলম্বে চালু করার জন্য সরকারের কাছে জোরালো দাবি জানিয়ে বেশকিছু দাবী তুলে ধরেন।
দাবী সমূহ:-প্রক্রিয়াধীন মৌজা হেডম্যান অফিস নির্মান দ্রুত বাস্তবায়ন করা, পরিবেশগত ভারসাম্য রাক্ষার স্বার্থে মৌজার পাথর উত্তোলন না করা, অস্থায়ী বাসিন্দা কর্তৃক মৌজার ভূমি বেদখল বন্ধ করা এবং বে-আইনিভাবে দখলকৃত ভুমি স্থায়ী বাসিন্দাদের নিকট ফেরত প্রদান করা, পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দাদের ভূমির মালিকানা নিশ্চিত করা, সার্কেল চিফ কর্তৃক নিয়োগকৃত যে সব (কার্বারী) বিশেষত: নারী কার্বারী ও পুরুষ কার্বারী সরকারীভাবে ভাতা পাচ্ছেনা তাদের জন্য ভাতা বরাদ্ধ প্রদান করা, পার্বত্য চুক্তির আলোকে নারীদের উন্নয়ন কাৰ্য্যক্রমে সুযোগ রাখা, নারী উদ্যোক্তাদের সহজ শর্তে লোন দেয়া ও ভূমি সংক্রান্ত সম্পত্তির অধিকার নিশ্চিত করা।
উল্লেখ্য, এখন পর্যন্ত ৬৯৬ জন নারী কার্বারী নিয়োগ প্রদান করা হয়েছে। এর মধ্যে চাকমা সার্কেলে ৫০০ জন, মং সার্কেলে ১৭৭ জন এবং বোমাং সার্কেলে ১৯ নারী কার্বারী।


