অনলাইন ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে অনুষ্ঠিত হচ্ছে গণভোটও। আজ সকাল ১০টার পর রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভোট প্রদানের অনুভূতি জানাতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, ঈদ মোবারক।
ড. ইউনূস যে এই কেন্দ্রে ভোট দেবেন, সেটা গতকালই নিশ্চিত করেছিল প্রধান উপদেষ্টার প্রেস উইং। ভোট দেওয়ার সময় প্রধান উপদেষ্টাকে হাস্যোজ্জ্বল দেখা গেছে।
ভোট দানের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল, সেসবকে আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি আমরা। সারাদিনব্যাপী জাতির সবাই মিলে উৎসব করি।’
প্রধান উপদেষ্টা যোগ করেন, ‘নিশ্চিতভাবে গণভোটটা দিন। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশ পাল্টে যাবে। সবাইকে আহ্বান জানাচ্ছি, গণভোটে অংশ নেওয়ার জন্য। যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি।’


