স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মোঃ মেহেদী হাসান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। এ সময় মোঃ আল-মামুন (৪০) নামে অপর এক ব্যক্তি পালিয়ে যায় বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুর হঠাৎপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
এসআরবি-৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি অভিযানিক দল ওমরপুর হঠাৎপাড়ায় মেহেদী হাসানের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির সামনে খড়ি রাখার ঘরের ভেতর থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতার মেহেদী হাসান শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুর হঠাৎপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উদ্ধার হওয়া হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে এসআরবি।
সংস্থাটির দাবি, মেহেদী হাসান ও পলাতক আল-মামুন দীর্ঘদিন ধরে বিভিন্ন মাধ্যমে হেরোইন সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জসহ রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেফতার মেহেদী হাসানের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


