অনলাইন ডেস্ক :
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলি কার্যক্রম দ্রুত শেষ করতে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে উপজেলা কমিটির সভা করে শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তির ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জেলার সব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে এ নির্দেশনা দেওয়া হয়। অন্যান্য জেলাতেও একই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হোসাইন আমীনের সই করা চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে শিক্ষক বদলি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর আগে গত ৮ সেপ্টেম্বর থেকে বদলি কার্যক্রম স্থগিত ছিল।
পরে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১ অক্টোবর নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়নের আগে বদলি কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে উপজেলা কমিটি গঠন ও সভা আহ্বান করে সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, উপজেলার অভ্যন্তরীণ শূন্যপদে শিক্ষক বদলি কার্যক্রম সম্পন্ন না হলে জেলা কমিটির মাধ্যমে নতুন শিক্ষক পদায়নে জটিলতা সৃষ্টি হতে পারে। তাই উপজেলা পর্যায়ের বদলি কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে।
এ ছাড়া সহকারী শিক্ষকদের অন্য উপজেলা বা জেলায় বদলির আবেদন যাচাই-বাছাই করে নীতিমালা অনুযায়ী বদলিযোগ্য হলে অগ্রাধিকার ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠাতে বলা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এ নির্দেশনার অনুলিপি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।


