সিরাজুল ইসলাম রনি, রাজশাহী :
বাসিন্দা আরিফুল ইসলাম গত ২৫ অক্টোবর রাজশাহী বিভাগীয় কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগে সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী ও হেড অ্যাসিস্ট্যান্ট শাহিনুর রহমানের বিরুদ্ধে জমির হোল্ডিংয়ের কার্যক্রম পুনরায় চালুর বিনিময়ে ৫ লাখ টাকা ঘুষ দাবিরস কথা উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আরিফুল ইসলামের বাবা আবুল কাশেম ১৯৭৭ সালে আদালতে মামলা করে জমির ডিক্রি পান এবং পরবর্তীতে গোদাগাড়ী ভূমি অফিসের মাধ্যমে ওই জমির খতিয়ান অনুমোদিত হয়। উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের নলিগ্রাম মৌজায় ১১টি দাগে মোট ৪ দশমিক ৭৫ একর জমির ওই হোল্ডিংয়ের (নম্বর ২৪০) ২০২৬-২৭ অর্থবছর পর্যন্ত খাজনাও পরিশোধ করা হয়েছিল। কিন্তু বর্তমান সহকারী কমিশনার (ভূমি) যোগদানের পর গত ১ অক্টোবর যথাযথ নোটিশ বা শুনানির সুযোগ না দিয়ে একটি বিবিধ মামলার অজুহাতে হোল্ডিংটির কার্যক্রম স্থগিত করা হয় এবং অনলাইনে খাজনা পরিশোধের সুযোগ বন্ধ করে দেওয়া হয়।
আরিফুল ইসলামের আরও অভিযোগ, এরপর ভূমি অফিসের হেড অ্যাসিস্ট্যান্ট শাহিনুর রহমান তাঁকে অফিসে ডেকে হোল্ডিং পুনর্বহালের বিনিময়ে ৫ লাখ টাকা ঘুষ দাবি করেন। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে হোল্ডিংয়ের কার্যক্রম চিরতরে বন্ধ রাখার হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান, রাজশাহী জেলা প্রশাসক ও গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও অনুলিপি পাঠানো হয়েছে।
উঠে আসা এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে তহশিলদার আনন্দ কুমার দাস বলেন, “সব অভিযোগ মিথ্যা। আমরা এ বিষয়ে বক্তব্য দিতে পারব না, আপনারা এসিল্যান্ড স্যারের সঙ্গে কথা বলুন।”
অন্যদিকে, হেড অ্যাসিস্ট্যান্ট শাহিনুর রহমান টাকা দাবির অভিযোগ অস্বীকার করে জানান, তিনি মাত্র দুই মাস আগে গোদাগাড়ীতে যোগ দিয়েছেন এবং অভিযোগকারী আরিফুল ইসলামকে তিনি চেনেই না।
সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী দাবি করেন, “অভিযোগ করা জমিটি সরকারি খাসজমি এবং সর্বশেষ আরএস রেকর্ডেও সরকারের নামে রয়েছে। জমি নিয়ে আদালতে আইনি বিরোধ চলমান থাকায় অবৈধ হস্তান্তর ঠেকাতে কেবল হোল্ডিংয়ের কার্যক্রম স্থগিত করা হয়েছে, যা বাতিল বা খারিজ করা হয়নি। আমার বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”
একাধিক অনিয়ম ও দুর্নীতির এসব ঘটনায় সাধারণ মানুষ ও স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভূমি অফিসের মতো জনগুরুত্বপূর্ণ সেবাখাতে চলমান এসব সিন্ডিকেট ও ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে অবিলম্বে নিরপেক্ষ বিচারিক তদন্তপূর্বক কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।


