মোঃ মাহাবুল ইসলাম মুন্না :গোদাগাড়ী, রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি হাট এলাকায় মহাসড়কসংলগ্ন একটি পুকুর থেকে সাবেদুল (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) সকাল ৬টা ৫০ মিনিটের দিকে উপজেলার রাজাবাড়ি হাট বিজিবি ক্যাম্পের বিপরীতে ঢাকা-রাজশাহী মহাসড়কসংলগ্ন একটি বাঁধা পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাবেদুল উপজেলার বিজয়নগর কলোনি গ্রামের বাসিন্দা। তিনি কামাল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে গোদাগাড়ী মডেল থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, সাবেদুল দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিলেন বলে এলাকায় পরিচিত ছিলেন। তিনি প্রায়ই বাড়ি থেকে বের হয়ে কয়েক দিন নিখোঁজ থাকতেন এবং ৪ থেকে ৫ দিন পর আবার বাড়িতে ফিরে আসতেন। তবে তাঁর মৃত্যুর সঙ্গে এসব ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
গোদাগাড়ী মডেল থানা পুলিশ জানায়, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।


