নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী (রাজশাহী):
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কয়েকদিন ধরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। নেসকো (NESCO) ও পল্লী বিদ্যুৎ—উভয় সংযোগ এলাকার গ্রাহকেরাই একই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, এক ঘণ্টা বিদ্যুৎ থাকলে পরের এক ঘণ্টা আবার বিদ্যুৎ থাকে না। এভাবে সারাদিন বারবার বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। প্রচণ্ড গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।
ব্যবসায়ীরা জানান, ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় দোকানপাট ও ছোট শিল্প-কারখানার কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফ্রিজ, কম্পিউটারসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। শিক্ষার্থীরাও পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারছেন না।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। বিদ্যুতের এমন লুকোচুরি পরিস্থিতিতে জনমনে ক্ষোভ বাড়ছে।
এলাকাবাসী দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা এবং ঘন ঘন লোডশেডিংয়ের স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


